ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  তথ্য প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। ছাত্র-জনতার সেই আন্দোলনের পথ ধরেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজ বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের এই অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব।”

বুধবার (০৫ আগস্ট ২০২৬) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উদযাপনে নান্দাইলে ‘জুলাই স্মৃতি কর্ণার’-এর উদ্বোধন এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “ফ্যাসিবাদী সরকার যখন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-অত্যাচার চালাচ্ছিল, তখন আমি নিজে উপস্থিত থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যে আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, ২০২৪ সালের ৫ই আগস্ট আমরা তার সুফল পেয়েছি। খুনি ও ফ্যাসিস্ট শাসক তার কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেলেও এ দেশের মানুষ এখন মুক্ত। যারা এখনো অবুঝ হয়ে সেই ফ্যাসিস্টদের পক্ষে কাজ করতে চান, তারা সাবধান হয়ে যান। বাংলার মাটিতে সকল অপরাধের বিচার হবেই।”

জুলাই যোদ্ধাদের কল্যাণে বিশেষ ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের বাড়ির রাস্তা পাকাকরণসহ তাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে। তাদের সমস্যা সমাধানে এবং পাশে থাকতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। আপনাদের ত্যাগের কারণেই আমরা আজ সরকার গঠন করতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি।”

নান্দাইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি নান্দাইলকে জুয়া, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, জুলাই যোদ্ধা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। 

এসময় বিএনপি নেতা  ওমর ফারুক নোমানীসহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংবর্ধিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতি কর্ণার’ পরিদর্শন করেন।


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।