আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিবন্ধী যুবক মামুন। সাক্ষাৎকালে তিনি নিজের জীবনসংগ্রাম, ব্যক্তিগত সুখ-দুঃখ এবং নানা সমস্যার কথা অকপটে সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এ সময় এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মামুনের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি মামুনকে সাহস জোগান, খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন মামুন।
সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মামুন লেখেন, “সাদা মনের মানুষ আপনি। আপনাকে নিয়ে লিখতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু লেখা কখনো শেষ হবে না। আজ আপনার সঙ্গে দেখা করে মনের কথা বলতে পেরেছি। দুঃখের কথা বলতে গিয়ে চোখ ভিজে উঠেছিল, সুখের কথা বলতে গিয়ে মুখে হাসি ফুটে উঠেছিল। আপনি ধৈর্য ধরে সব কথা শুনেছেন, বুঝেছেন এবং আশ্বাস দিয়েছেন। কে আছে যে এত ভালোবাসা দিতে পারে? উদার মনের আপনি সত্যিই তুলনাহীন। আশা করি সারা জীবন এভাবেই আমার পাশে থাকবেন। যখন নেতা মানুষের আপনজন হয়ে ওঠেন, তখনই তিনি সত্যিকারের মহান হয়ে ওঠেন। আপনার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ আপনাকে সুস্থ, দীর্ঘায়ু ও জনসেবায় সফল রাখুন। ইনশাআল্লাহ।”
মামুনের এই আবেগঘন স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য মানুষ তাঁর অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং মন্তব্যে এমপি অ্যাডভোকেট জালাল উদ্দীনের মানবিকতা, সহমর্মিতা ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণের প্রশংসা করেন।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা। এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের সঙ্গে মামুনের এই সাক্ষাৎ সেই মানবিক সম্পর্কেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

