আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, বিএনপি নেতা এফরান উদ্দিন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাকুন্দিয়ায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

