সবুজায়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রয়াসে সমূর্ত্তজাহান মহিলা ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও বিডিপি’র চেয়ারম্যান এডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচীর শুভ সূচনা করেন। পরবর্তীতে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নান্দাইল আসন থেকে জামােয়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান তার বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচী কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার।” তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়ির আঙিনায় এবং আশেপাশের পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মাজেদা বেগম, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা, গভর্ণিং বডির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সহকারী অধ্যাপক মরিয়ম আক্তার সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এই মহতী উদ্যোগের জন্য এডহক কমিটির সভাপতিকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মাঝেও এই কর্মসূচী নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারা সভাপতির হাত থেকে চারা গ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকার কথা বলে। এই বৃক্ষরোপণ কর্মসূচীটি কলেজ প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


