নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৫শে জুলাই ২০২৬ইং রোজ শনিবার নান্দাইল উপজেলাধীন চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নান্দাইল উপজেলা শাখা বিএনপির আহবায়ক, জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতির মাধ্যমে এই কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করেন। একইসঙ্গে তিনি নান্দাইল উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে উক্ত সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির এই কর্মী সম্মেলন দলের আগামী দিনের পথচলাকে আরও সুসংগঠিত করবে। আমি আশা করি, নান্দাইল বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মী তাদের শ্রম ও মেধা দিয়ে এই সম্মেলনকে এক বিশাল জনসমাবেশে রূপান্তর করবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনটি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চন্ডিপাশা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে সম্মেলনকে উৎসবমুখর করার পরিকল্পনা রয়েছে স্থানীয় নেতৃবৃন্দের।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন সফল করতে তিনিও উপজেলার বিএনপি’র আহব্বায়ক তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র সাথে একমত পোষন করেন এবং সম্মেলনকে সফল করতে সকলের প্রতি বিনীত আহব্বান জানিয়েছেন।
এ বিষয়ে চন্ডিপাশা ইউনিয়ন সম্মেলন-২০২৬ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপি ‘র যুগ্ম আহব্বায়ক বাবু পল্লব রায় জানান, নান্দাইলের অন্যান্য ইউনিয়ন সম্মেলনের চেয়ে এ সম্মেলনটি জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে আশা করছি। যা আগামী উপজেলা বিএনপি’র সম্মেলনের চেয়েও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
এছাড়া তিনি নান্দাইল উপজেলা বিএনপি’র আহব্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি’কে একজন কর্মীবান্ধব ও জনবান্ধব সংসদ সদস্য হিসাবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, আমাদের নেতা ইয়াসের খান চৌধুরী এমপি মহোদয়ের আহব্বানকে সাধুবাদ জানাই। পাশাপাশি সকল অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির এই কর্মী সম্মেলনে উপস্থিত থেকে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করে সম্মেলন সফল করার জন্য অনুরোধ করছি।

