আকতার হোসেন ভূঁইয়া শরীফ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাঞ্জেরী প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জমকালো এই অনুষ্ঠানটি আজ (২রা আগস্ট) মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঞ্জেরী প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মোবারক হোসেন মিনা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে। এতে তাদের মেধার বিকাশ ঘটবে।”
সভাপতির বক্তব্যে মোঃ মোবারক হোসেন মিনা বলেন, “পাঞ্জেরী প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশন সব সময়ই শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”
ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে আগত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

