ক্রীড়া ও শিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত
আকতার হোসেন ভূঁইয়া শরীফ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ১০নং শেরপুর ইউনিয়নে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির এক নতুন দ্বার উন্মোচিত হলো। শুক্রবার (৮ আগস্ট) ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বিকাল ৪ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া। অত্র সংগঠনের সভাপতি জনাব মোঃ আমির হোসেন (রুবেল) এর সভাপতিত্বে এবং সার্বিক পরিচালনায় ছিলেন কমিটি পরিচালক জনাব মোঃ আবু রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শেরপুর ইউনিয়নের ক্রীড়া ও শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি উন্নত সমাজ গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আলম ফরাজি, নাজির আহমেদ, জুয়েল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আশা প্রকাশ করেন যে, “শেরপুর ইউনিয়ন স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন” অত্র অঞ্চলের ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। নতুন প্রতিভা অন্বেষণ ও তাদের বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে, এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, “তরুণদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ দূর করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে জনাব মোঃ আমির হোসেন (রুবেল) জানান, “এই সংগঠনটি শেরপুর ইউনিয়নের সকল স্তরের মানুষের সহযোগিতায় পরিচালিত হবে। আমরা খেলাধুলার পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই।”
অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। শেরপুর ইউনিয়নবাসী এই নতুন সংগঠনকে ঘিরে এক নতুন স্বপ্ন দেখছে, যে স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রীড়া ও শিক্ষার মাধ্যমে একটি আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।

