নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দলের নেতাকর্মীদের প্রতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো নেতাকর্মী যদি গ্রাম্য সালিশ-দরবারের নামে কারও কাছ থেকে অর্থ বা ঘুষ গ্রহণ করেন এবং তা প্রমাণিত হয়, তবে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।
সম্প্রতি নান্দাইল উপজেলা বিএনপির এক সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কড়া বার্তা দেন। পরবর্তীতে এক বিশেষ বার্তার মাধ্যমে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।
তাঁর এই ঘোষণা নান্দাইলের সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। নান্দাইলবাসী মনে করছেন, এমন কঠোর পদক্ষেপের ফলে এলাকায় বিচারিক স্বচ্ছতা ফিরে আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতি হচ্ছে জনগণের সেবা করার জন্য, পকেট ভারী করার জন্য নয়। গ্রাম্য সালিশ বা কোনো বিচারিক কাজে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ যদি কোনো নেতার বিরুদ্ধে পাওয়া যায় এবং তা সত্য প্রমাণিত হয়, তবে তার জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্যায়কারী আমার যত কাছের লোকই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রতিটি নেতাকর্মীকে আদর্শবান এবং সৎ থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করার পরামর্শ দেন তিনি।
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তথ্য প্রতিমন্ত্রীর এই বলিষ্ঠ নেতৃত্ব নান্দাইল বিএনপিকে একটি পরিচ্ছন্ন ও শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করবে।

