আকতার হোসেন ভূইয়া শরীফ, স্টাফ রিপোর্টার : দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর-কিশোরগঞ্জ পাকা সড়ক। সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আজহারুল ইসলাম আজাহারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটির একাংশ সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা যায়, প্রায় দুই দশক আগে হাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পাকা সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও তা আজও সম্পন্ন হয়নি। ফলে হাজীপুর বাজারের প্রবেশ মুখে রাস্তাটি ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। এতে যানবাহন চলাচল করা যেমন কষ্টসাধ্য ছিল, তেমনি প্রায়ই ঘটত দুর্ঘটনা। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও চরমে উঠত।
এলাকাবাসীর এই চরম দুর্দশা দেখে এগিয়ে আসেন জিনারী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরবের সফল ব্যবসায়ী হাজী আজহারুল ইসলাম আজাহার। তিনি নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাটি সংস্কারের দায়িত্ব নেন। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী, ব্যবসায়ী এবং যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি সংস্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তারা হাজী আজহারুল ইসলাম আজাহারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় জনাব আজহারুল ইসলাম আজাহার বলেন, “এলাকার সন্তান হিসেবে মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তাদের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও আমার সাধ্যমত এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
হাজী আজহারুল ইসলাম আজাহারের এই দৃষ্টান্তমূলক সমাজসেবামূলক কাজ এলাকার অন্যান্য বিত্তবানদেরও নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

