শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: সারা দেশে জেলা পর্যায়ে ‘দেশ গড়তে জুলাই’ শীর্ষক পদযাত্রা কর্মসূচির পর এবার উপজেলা পর্যায়ে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর প্রথম ধাপেই ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কেন্দ্রীয় নেতারা আসবেন বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী।
সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। সম্প্রতি কিশোরগঞ্জ থেকে নেত্রকোণা যাওয়ার পথে সময়ের স্বল্পতা ও রুট না থাকার কারণে নান্দাইলে পূর্বনির্ধারিত পথসভায় অংশগ্রহণ করতে না পারায় তিনি নান্দাইলবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “কয়েকদিন আগে নান্দাইলের একটি পথ সভায় আপনারা আমাদের জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট রুট না থাকায় আমরা আপনাদের সময় দিতে পারিনি। জেলা পর্যায়ে আমাদের পদযাত্রা চলছিল, তাই অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।” তিনি ময়মনসিংহের জেলা সম্মেলনে অংশ নেওয়ায় নান্দাইলবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপজেলা পর্যায়ে কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “আপনারা হতাশ হবেন না। শীঘ্রই আমরা উপজেলা পর্যায়ে আমাদের পদযাত্রা শুরু করব। ইনশাআল্লাহ, প্রথম ধাপেই আমরা এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নিয়ে নান্দাইলে আসব এবং আপনাদের সাথে দেখা হবে।”
সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে ধরেন। তিনি বিএনপির ওয়াকআউটের সমালোচনা করে বলেন, “জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করেছি, তখন একটি দল ওয়াকআউট করার চেষ্টা করছে। শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা যায় না।”
নান্দাইলে এনসিপি’র আগমনের বিষয়টি নিশ্চিত করে দলের কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও নান্দাইল আসন থেকে সংসদ সদস্য প্রার্থী আশিকিন আলম রাজন বলেন, “জেলা পর্যায়ের কর্মসূচিতে সময় স্বল্পতার কারণে নান্দাইলে পথসভা করা সম্ভব না হলেও, উপজেলা পর্যায়ের প্রথম ধাপেই কেন্দ্রীয় নেতারা নান্দাইলে আসছেন।” তিনি আরও বলেন, “ময়মনসিংহবাসী সবসময় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আগামীতে এনসিপি সরকার গঠন করলে ময়মনসিংহকে একটি আধুনিক ও উন্নত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।” তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে এনসিপি’র পাশে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত শনিবার সিলেট ও কিশোরগঞ্জের কর্মসূচি শেষে নেত্রকোণায় যাওয়ার পথে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নান্দাইলে পথসভা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকা সত্ত্বেও হতাশা দেখা দিয়েছিল। তবে, ময়মনসিংহের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের এই নতুন ঘোষণায় নান্দাইলের এনসিপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে এবং তারা কেন্দ্রীয় নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন।

