শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নান্দাইল চৌরাস্তা বাজারের বিএনপির আঞ্চলিক দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে নান্দাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেজর জেনারেল আনোয়ারুল মোমেন আরসিডিএস, পিএসসি, এসবিপি, ওএসপি। নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নান্দাইলবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।” তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন এবং গণতন্ত্রের জন্য তিনি ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশ ও জনগণকে ছেড়ে যাননি।
আনোয়ারুল মোমেন আরো উল্লেখ করেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি নিজেকে উন্নয়নশীল ও জনবান্ধব বিএনপির এমপি প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং ‘স্যার’ নয়, ‘ভাই’ হিসেবে সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নূর ইসলাম জাকির, গোলাপ মিয়া, এবং আবু তাহের সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই।


