নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আয়শা ছফির উচ্চ বিদ্যালয়’-এ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৫ই আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আক্তার হোসেন ভূঁইয়া (শরীফ), ধর্মীয় শিক্ষক আকবর হোসেন খান, নজরুল ইসলাম বিএসসি, ইংরেজি শিক্ষক জনাব হাসিবুল এবং খণ্ডকালীন শিক্ষক শামীম। এছাড়াও বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বজলুর রশিদ বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, তাকে সার্থক করতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দও জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
দিবসটি উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ‘জুলাইয়ের চেতনা’ শীর্ষক এক বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষকসহ উপস্থিত অন্যান্য শিক্ষক মণ্ডলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
তথ্য সূত্র: শিক্ষক আক্তার হোসেন ভূঁইয়া (শরীফ)

