শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক :যোগদানের পর থেকেই ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। তার নেতৃত্বে নান্দাইল মডেল থানা ময়মনসিংহ জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় একাধিকবার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। এ অর্জনকে নান্দাইলবাসীসহ থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং গর্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, মোহাম্মদ আনোয়ার হোসেন গত ২২শে মার্চ, ২০২৫ তারিখে নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি তার দক্ষতা ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এরই ফলস্বরূপ, যোগদানের পরপরই এপ্রিল মাসে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন। একই সাথে শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী এবং শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী থানা হিসেবেও নান্দাইল মডেল থানা স্বীকৃতি লাভ করে।
এই সাফল্যের ধারা পরবর্তীতেও অব্যাহত থাকে। মে মাসে নান্দাইল থানা শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী এবং থানার একজন এএসআই শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবেও থানা পুরস্কৃত হয়।
ধারাবাহিকভাবে জুন মাসেও নান্দাইল মডেল থানা শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে গৌরব অর্জন করে। ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কারগুলো প্রদান করা হয়, যেখানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মুলতবি মামলা নিষ্পত্তি এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়।
এই ধারাবাহিক অর্জন সম্পর্কে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এই সাফল্য আমার একার নয়, এটি নান্দাইল মডেল থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নান্দাইলবাসীর সহযোগিতার ফসল।” তিনি আগামী দিনগুলোতেও নান্দাইলকে একটি অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নান্দাইল মডেল থানার এই ইতিবাচক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।


