নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ মার্চ ) ভোর ৭ ঘটিকায় ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ অদ্য শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজায় মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাবেক এই জননেতার সহধর্মিণীর মৃত্যুতে নান্দাইলের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

