নিজস্ব প্রতিবেদক: জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে বিপথ থেকে ফিরিয়ে মাঠমুখী করার প্রত্যয়ে ময়মনসিংহের নান্দাইলে এক ব্যতিক্রমী ও আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ দেহ, সুস্থ জীবন’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বৈদবাড়ী খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।
গ্রামের তরুণ ও প্রবীণদের মধ্যে মেলবন্ধন তৈরিতে আয়োজিত এই ‘বিবাহিত বনাম অবিবাহিত’ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ।
মাঠে ধারাভাষ্যকার আজহারুল ইসলামের চমৎকার ধারাভাষ্য এবং বাশাটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম রিপন মাস্টারের রেফারির দায়িত্বে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার প্রথমার্ধে অবিবাহিত ফুটবল দল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বিবাহিত দল গোল পরিশোধে মরিয়া হয়ে লড়লেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অবিবাহিত ফুটবল দল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ‘খাসি’ তুলে দেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকন মাহমুদ এবং উপজেলা যুবদল নেতা তাইফুর রহমান তাপস, হাফেজ মামুন, হানিফ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান, সানি আহমেদ রুবেল, শ্রমিক নেতা মনিরুজ্জামান বিজয়, গোলাম মোস্তফা, নুরুলাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মাহমুদ বলেন, “আমি স্বপ্ন দেখি একটি জুয়া ও মাদকমুক্ত আধুনিক চন্ডীপাশা ইউনিয়ন গড়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরণের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে।
আমি সবসময় যুবসমাজের সুস্থ বিনোদনের পাশে আছি। ইনশাআল্লাহ্, আমি নির্বাচিত হতে পারলে চন্ডীপাশা ইউনিয়নকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থা করে একটি আদর্শ ও সুশৃঙ্খল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

