নিজস্ব প্রতিবেদক: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “যুবসমাজ আমাদের দেশের সম্পদ। মাদকের করাল গ্রাস থেকে এই সম্পদকে রক্ষা করতে হলে তাদের মাঠমুখী করতে হবে। খেলাধুলা তরুণদের যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে, তেমনি মাদক থেকে দূরে রাখতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে।” তিনি মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব রুকুনোজ্জান রোকন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকবিরোধী এই আয়োজনে সংহতি প্রকাশ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাফরুল্লাহ কাজল।
প্রীতি ফুটবল ম্যাচটিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে জয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ম্যাচ শেষে উপস্থিত সকল সরকারি কর্মকর্তা, সুধীজন ও সাধারণ মানুষ একযোগে মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ময়মনসিংহের বিভিন্ন দপ্তরের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরণের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়বে এবং যুবসমাজ সুস্থ ধারার বিনোদনে ফিরে আসবে।

