শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ‘ফুটবল বিশ্বকাপ’। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। ফুটবলারদের পায়ের জাদুর অপেক্ষায় থাকা ভক্তদের উম্মাদনায় নান্দাইলের আকাশে এখন উড়ছে বিভিন্ন দেশের রঙিন পতাকা।
দেখা গেছে, নান্দাইল পৌরসভার অলিগলি থেকে শুরু করে উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামগঞ্জের প্রতিটি প্রান্তে এখন বিশ্বকাপের আমেজ। ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কোনো কার্পণ্য করছেন না। নিজ দেশের লাল-সবুজ পতাকার পাশাপাশি আকাশছোঁয়া বাঁশে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্সের বড় বড় পতাকা। গ্রামের উঁচু গাছ, বসতবাড়ির ছাদ, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বৈদ্যুতিক খুঁটিতেও শোভা পাচ্ছে প্রিয় দলের নিশানা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা, কার পতাকা কত বড় হবে কিংবা কার দলের শক্তি বেশি। এই পতাকার রঙে রঙিন হয়ে উঠেছে পুরো নান্দাইল।
ফুটবল উন্মাদনা শুধু পতাকাতেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে স্থানীয় চায়ের দোকানগুলোতেও। উপজেলার মোড়ে মোড়ে চায়ের টেবিলে এখন প্রধান আলোচ্য বিষয় ফুটবল বিশ্বকাপ। প্রিয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স, অতীত রেকর্ড আর কাপ জয়ের সম্ভাবনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও তর্ক-বিতর্ক। আড্ডায় মেতে থাকা ফুটবলপ্রেমীদের কেউ ব্রাজিলের নেইমারের জাদুর কথা বলছেন, তো কেউ আর্জেন্টিনার মেসির শেষ বিশ্বকাপের আবেগে ভাসছেন। আবার জার্মানি বা ফ্রান্সের সমর্থকদেরও দেখা যাচ্ছে নিজেদের শক্তিমত্তা তুলে ধরতে।
স্থানীয় ফুটবল প্রেমী খেলোয়ার ও দর্শকরা জানান, ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্যরকম আনন্দ। যদিও আমাদের দেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু ফুটবল নিয়ে বাঙালিদের এই আবেগ চিরকালীন। নান্দাইলের প্রতিটি পাড়া-মহল্লা এখন এক একটি ছোট ফুটবল স্টেডিয়ামের প্রতিচ্ছবি।
পতাকা ওড়ানো আর চায়ের দোকানের এই বিতর্ক ফুটবল বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত যেমন বাড়ছে, খেলা শুরু হলে তা আরও উৎসবে রূপ নেবে বলে মনে করছেন নান্দাইলবাসী। সব মিলিয়ে নান্দাইলে এখন বইছে বিশ্বকাপের মাতোয়ারা হাওয়া।

