নিজস্ব প্রতিবেদক: জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে বিপথ থেকে ফিরিয়ে মাঠমুখী করার প্রত্যয়ে ময়মনসিংহের নান্দাইলে এক ব্যতিক্রমী ও আনন্দঘন ফুটবল ম্যাচের আয়োজন করেছেন চন্ডিপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা শাকিল মাহমুদ। আগামী শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বৈদবাড়ী খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘সুস্থ দেহ, সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসন্ন চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শাকিল মাহমুদ।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শাকিল মাহমুদ বলেন, “আমি স্বপ্ন দেখি একটি জুয়া ও মাদকমুক্ত চন্ডীপাশা ইউনিয়ন গড়ার। বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরণের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। আমি সবসময় যুবসমাজের সুস্থ বিনোদনের পাশে আছি এবং নির্বাচিত হতে পারলে চন্ডিপাশা ইউনিয়নকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে একটি আধুনিক ও সুশৃঙ্খল ইউনিয়ন উপহার দেব।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ফুটবল প্রেমী দর্শককে আগামী শুক্রবার (৩রা জুলাই) নান্দাইল রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন খেলার মাঠে উপস্থিত থেকে দুই প্রজন্মের এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করার জন্য যুব সমাজের পক্ষে জোর আহ্বান জানিয়েছেন তাইফুর রহমান তাপস।

