শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় শাখার উদ্যোগে ওয়াজ, হালকায়ে জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করে মুজাহিদ কমিটি নান্দাইল শাখার নেতৃবৃন্দ।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন, হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি তার বক্তব্যে সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইসলামি জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মুজাহিদ কমিটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল আলীম ও নান্দাইল মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা শায়খুল হাদীস নূর মোহাম্মদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম এবং হযরত মাওলানা মুফতি রেজাউল করীম।
এছাড়া মাওলানা আমরুল্লাহ’র সঞ্চালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা মুফতি সাঈদুর রহমান এবং হযরত মাওলানা মুফতি আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি ইসলামি সংগঠন যা দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আয়োজন স্থানীয় পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
বক্তারা তাদের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের প্রতি আহ্বান জানান। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


