[ বালিকা বিভাগে আচারগাঁও ও বালক বিভাগে চারআনি পাড়া চ্যাম্পিয়ন ]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর পৌরসভা পর্যায়ের চূড়ান্ত (ফাইনাল) খেলা। রোববার (১৯ এপ্রিল) নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা উভয় বিভাগের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
বালিকা বিভাগের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ৩-০ গোলের বিশাল ব্যবধানে পৌরসভার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা এই ম্যাচে ৪-২ গোলে হারিয়ে পৌরসভার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চারআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভুইয়া মনির প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করেন এবং তৃণমূল পর্যায়ের এই ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের জাতীয় পর্যায়ের ক্রীড়া তারকা উঠে আসবে বলে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম লিটন। এ সময় নান্দাইল পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

