ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবি: কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

আবু হানিফ, উপজেলা প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌ-ভ্রমণ করতে গিয়ে নৌকাডুবির এক মর্মান্তিক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন নিখোঁজ রয়েছে এবং তাদের মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফারাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকার বেড়িবাঁধ সংলগ্ন নদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম নীলা আক্তার (১৭)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। নিখোঁজ রয়েছে তার ছোট বোন নীহা (৯), যে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তাদের মা নীপা আক্তারকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত বেড়িবাঁধটি সম্প্রতি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এর সৌন্দর্য উপভোগ করতে আসেন। শুক্রবার বিকেলে নীলার পরিবারও সদর উপজেলার জালুয়াপাড়া থেকে সেখানে বেড়াতে যায়। বিকেলে নদের বুকে একটি ছোট নৌকায় ভ্রমণের সময় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা নীপা আক্তারকে উদ্ধার করলেও নীলা ও নীহা পানিতে তলিয়ে যায়। পরে নীলার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও ছোট বোন নীহা নিখোঁজ থাকে।

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিখোঁজ শিশু নীহাকে উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান শুরু করেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, “নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ডুবুরি দল পাঠিয়েছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

একটি আনন্দঘন ভ্রমণ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হওয়ায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।