আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি :-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নয় বছর বয়সী ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ১৯ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১১টার৪৫ দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ ব্রহ্মপুত্র পশ্চিম পাশে দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত দুই বোন কিশোরগঞ্জ উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও কাশ্মীরা রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। ঈদের ছুটিতে সেই স্থান দেখতে পরিবারসহ বেড়াতে যান আবদুর রহমান। ঘোরাঘুরির একপর্যায়ে তারা নদে নৌকায় ভ্রমণে যান, যেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।নৌকাডুবির পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান ও তার স্ত্রী নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও বড় মেয়ে নীলাকে মৃত অবস্থায় পান। এসময় ছোট মেয়ে ফারিয়া নদে নিখোঁজ ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরদিন শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয় এবং দুপুরে নীহার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশুসহ পর্যটকদের কাছে ছিল আনন্দের উৎস, যা মুহূর্তেই পরিণত হয় বিষাদের ঘটনায়

