নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সরকারি সুবিধা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ফ্যামিলি কার্ড বিতরণে যেকোনো ধরণের অনিয়ম ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার (২রা অক্টোবর) বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী জানান, নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়া হলে বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “নান্দাইল থেকে আমি যদি কোনো অভিযোগ পাই যে ফ্যামিলি কার্ডের জন্য কেউ কোনো টাকা নিয়েছে, তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাজেই, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিলাম। সাবধান।”
এছাড়া নান্দাইলের সার্বিক সুনাম ও সততার প্রতি আস্থা রেখে তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, আমাদের নান্দাইলের কেউ এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকবেন না।” সাধারণ মানুষের সেবায় নিজেকে সর্বদা নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এই বার্তা দেন।
তথ্য প্রতিমন্ত্রীর এই সামাজিক ও আইনি কঠোর বার্তা স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও প্রশংসার জোগান দিয়েছে। প্রতিমন্ত্রীর এই প্রকাশ্য ও প্রত্যক্ষ নজরদারির ফলে ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় প্রকৃত অসচ্ছল ব্যক্তিরাই উপকৃত হবেন এবং অনিয়মকারীদের অপচেষ্টা সম্পূর্ণ নস্যাৎ হবে বলে আশা করছেন সুশীল সমাজের মানুষ।
এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, “তথ্য প্রতিমন্ত্রী একজন অত্যন্ত দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তাঁর নীতি স্পষ্ট—জিরো টলারেন্স। তিনি আগেও সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর বা দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার চাঁদাবাজি বা দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা নান্দাইলবাসী হিসেবে এমন একজন নীতিবান ও প্রজ্ঞাবান প্রতিনিধি পেয়ে অত্যন্ত গর্বিত।”
![]()

