ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ভালুকায় উন্নয়ন ও সমাজকল্যাণের মহোৎসব: শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে বিশাল অনুদান ও উপহার বিতরণ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জীবনযাত্রা, শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়নে এক বহুমুখী উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ময়মনসিংহের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন ভালুকার আয়োজনে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এসব কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য  ফখর উদ্দিন আহমেদ। ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে ১০০টি গাছের চারা বিতরণ করা হয় এবং দুজন সফল ক্ষুদ্র উদ্যোক্তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নিবন্ধিত ২৯টি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদানের চেক প্রদান করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ১৩টি সাংস্কৃতিক সংগঠনকে ৩৬,৫০০ টাকা করে মোট ৪,৭৪,৫০০ টাকার চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া ৭ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং ৭২ জন শিক্ষার্থীর মাঝে ৩,১৬,০০০ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়ন নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একইসাথে স্কুলগুলোতে ফুলের বাগান প্রস্তুতের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী ভালুকা উপজেলা বালিকা দলকে রাজকীয় সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বোয়েসেলের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী পোশাক শ্রমিককে জর্ডানে কর্মসংস্থানের ব্যবস্থা করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। আগামী সপ্তাহে তাদের জর্ডানে যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে আরও ৫ জন নারী শ্রমিক জর্ডানে পাড়ি জমিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, “বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা—সবই স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “ভালুকা উপজেলা প্রশাসন যেভাবে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াকে এগিয়ে নিচ্ছে তা জেলার অন্য উপজেলার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা চাই প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এমন বহুমুখী উদ্যোগকে ভালুকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।