স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে উপজেলার কাটবওলা এলাকায় মেসার্স বলাকা ব্রিকস-২ নামের ঐ ইটভাটাটির বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব লুবনা আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাজিয়া উদ্দিন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকা, কৃষিজমি এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো প্রকার অনুমোদন ছাড়াই ইটভাটাটি নির্মাণ করা হচ্ছিল বলে প্রশাসন সূত্রে জানা যায়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলামসহ কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও জেলা ও মুক্তাগাছা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আইন প্রয়োগের স্বার্থে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহ জেলায় অনেক ইটভাটা যথাযথ নিয়ম-কানুন না মেনে পরিচালিত হচ্ছে, যার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

