ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৪ মে ২০২৬:- মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসপি, জি বলেছেন, সঠিক তথ্যপ্রবাহ ও নিবিড় জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন। আইএসপিআর পরিদপ্তরে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি। উপদেষ্টা পরিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিচালক, আইএসপিআর প্রতিরক্ষা উপদেষ্টাকে পরিদপ্তরের সার্বিক কার্যক্রম, সংবাদ পরিবেশন প্রক্রিয়া, গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, গবেষণা ও প্রকাশনা এবং ডিজিটাল মাধ্যমে তথ্য সংরক্ষণের চলমান উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় পরিদপ্তরের বিদ্যমান সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করা হয়।

আইএসপিআর-এর বিভিন্ন শাখা পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, “সশস্ত্র বাহিনী কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং শান্তিকালীন দুর্যোগ মোকাবিলা এবং যে কোনো জাতীয় সংকটে জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও মানবিক ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।”

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত প্রচার ও জনসম্পৃক্ততার অভাবে সশস্ত্র বাহিনীর এই মহান অবদানগুলো জনগণের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছায় না। তিনি আইএসপিআর-কে নির্দেশ দিয়ে বলেন, “সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনকল্যাণমূলক কাজগুলোকে তথ্যনির্ভর ও আধুনিক উপায়ে দেশবাসীসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সঠিক সময়ে সঠিক তথ্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, সঠিক তথ্যের অভাবে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকে আইএসপিআর-কে সজাগ থাকতে হবে। তিনি পরিদপ্তরের আধুনিকায়ন, গবেষণা কার্যক্রম শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা আইএসপিআর-এর সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।