শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঝালুয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত, জুলাই আন্দোলনে নিহত এবং তারঁ পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও চাচা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বলেন,”এলাকায় কোনো সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজের স্থান হবে না। জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।” জনগণের জান-মালের দায়িত্ব বিএনপির। তাই অপরাধীর ঠাঁই নান্দাইলের মাটিতে হবে না। তিনি আরও বলেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করা হবে এবং জনসম্পৃক্ত ত্যাগী ও যোগ্য নেতাদের দলীয় পদে স্থান দেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, “সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।”
কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।তাদের উপস্থিতিতে সম্মেলনস্থল এক জনসমাবেশে রূপ নেয়। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মী সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

![]()

