শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন দলটির উত্তর জেলা শাখার সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। বিগত শাসনামলে নিজেদের নির্যাতিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, “আপনারা ১৭ বছর নির্যাতিত হয়েছেন, তবে আপনাদের হাতে যেন কেউ নির্যাতিত না হয়।”
রোববার (৬ জুলাই) বিকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল বালুর মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারের আমলে খুন, গুম, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে এই বাংলার মাটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। গণআন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।” নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “লক্ষ্য রাখবেন, বিএনপির হাতে একজন ব্যক্তিও যেন কোনো প্রকার নির্যাতনের শিকার না হয়।”
এছাড়া দলীয় সাংগঠনিক বিষয়ে তিনি আরও জানান, ইউনিয়ন কমিটিগুলো জনপ্রিয়তার ভিত্তিতে ভোটের মাধ্যমে গঠন করা হবে। যারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে পারবেন, কেবল তারাই আগামী দিনের নেতৃত্বে স্থান পাবেন।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম, সাবেক ইউনিয়ন সভাপতি আতাউর রহমান বুলবুল, ওমর ফারুক, কামরুল হাসান খোকা, নজরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহাম্মেদ অনিকসহ আরও অনেকে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


