নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৩নং চর বেতাগৈইর ইউনিয়ন বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারকে আহবায়ক এবং মোঃ মোস্তাকিম হোসেন হান্নানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন এবং সদস্য সচিব মোঃ এনামুল কাদিরের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্দুস সালাম সিকদার খোকন। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্দুল কাদির, তোফাজ্জল হোসেন, ডাঃ আমির উদ্দিন এবং চাঁন মিয়া।
আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমতাজুল হাসান সোহেল। যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন— এডভোকেট সাদেক হোসেন, মোঃ আবুল হোসেন আবুল, মোঃ আব্দুল মান্নান মিন্টু মেম্বার, হাজী আব্দুল মালেক লিটন, সিরাজ উদ্দিন এবং ডাঃ জুয়েল।
অনুমোদিত এই আহবায়ক কমিটির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ৪৫ দিন। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ (সর্বোচ্চ ৫১ সদস্য বিশিষ্ট) করে উপজেলা বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল ওয়ার্ড কমিটি অনুমোদিত হবে। তবে এই আহবায়ক কমিটির বর্তমান আহবায়ক পরবর্তীতে সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না বলে শর্তারোপ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন।

