আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন মানিক, কটিয়াদী ফেকাইমার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ) এবং সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুস।
সভায় সাবেক প্যানেল মেয়র আঃ কদ্দুস স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সকলেই সর্বসম্মতভাবে এর পক্ষে মত দেন।
ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পাকুন্দিয়া উপজেলায় এ ধরনের উদ্যোগ জরুরি। তিনি আরও বলেন, এ বিষয়ে শিগগিরই সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠানো হবে এবং সবার সহযোগিতা পেলে এ সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধানগণ। এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং ক্লাসে বিঘ্ন কমানোর আশা করা হচ্ছে।
![]()

