আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়াকে জলাতঙ্কমুক্ত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বেওয়ারিশ কুকুরসহ ঝুঁকিপূর্ণ প্রাণীদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, শনিবার থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা ও তত্ত্বাবধানে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, “উপজেলার সব কুকুরকে পর্যায়ক্রমে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। সম্প্রতি কিছু পোষা কুকুর ও বিড়ালের কামড়ের ঘটনাও ঘটেছে। তাই প্রাথমিকভাবে পোষা প্রাণীসহ জলাতঙ্ক ছড়াতে পারে—এমন প্রাণীদের ভ্যাকসিন প্রদান করা হবে। এরপর ধাপে ধাপে সব বেওয়ারিশ কুকুরকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হোসেন্দী, নারান্দী ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নসহ পৌর এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে প্রায় ৩০ জন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত অন্তত ২০ জনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকার মহাখালীতে অবস্থিত বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ হিসেবে উপজেলা প্রশাসন ভ্যাকসিন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


