[মাছ ধরার টোপ হিসেবে পিঁপড়ার ডিম সংগ্রহে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা]
আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার-সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন আগরপাট্র এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৫০) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, অটোরিকশায় থাকা যাত্রীরা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহৃত পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

