বিশেষ প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মুনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় নান্দাইল উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের (২০২৫-২৬ অর্থবছর) আওতায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাতের অধীনে এই বরাদ্দ অনুমোদিত হয়। গত ২১ জুন ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি নোটিশ সূত্রে জানা যায়, বরাদ্দকৃত এই ১৫ লক্ষ টাকায় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে। অনুমোদিত PWD Schedule of Rate অনুযায়ী দরপত্র প্রাক্কলন প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে ই-জিপি (e-GP) পদ্ধতিতে এই কাজের দরপত্র আহ্বান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এ বিশেষ উদ্যোগের পর বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকার শিক্ষানুরাগীদের মতে, প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টির দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর হবে এবং শিক্ষার মনোরম পরিবেশ নিশ্চিত হবে।
![]()

