শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : “আমি এমপি হতে আসিনি, এসেছি আপনাদের এমপি বানাতে”— এই ভিন্নধর্মী বার্তা নিয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। জনগণের ক্ষমতায়নকে মূলমন্ত্র হিসেবে ধরে তিনি নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গত দুই মাসে নান্দাইলের ১০২টি হাট-বাজারে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তিনি তার রাজনৈতিক দর্শন ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন। এ সময় তিনি প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন বলে দাবি করেন। কৃষক, শ্রমিক, শিক্ষক, নারী, ও তরুণসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেন, “সব প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে নান্দাইলের মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। হরিপুর থেকে বরুনাকান্দা, আতাউরের মোড় থেকে সুসাঙ্গের পাড় পর্যন্ত প্রতিটি গ্রামে আমি গিয়েছি। মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সেরা প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি যে, নির্বাচিত হলে এলাকার মানুষই হবে প্রকৃত এমপি। জনগণই সিদ্ধান্ত নেবে, প্রশ্ন করবে এবং কাজের হিসাব চাইবে।” তিনি এলাকায় জমি দখল, বাজার নিয়ন্ত্রণ ও সরকারি বরাদ্দে অনিয়মের অবসানের প্রতিশ্রুতি দেন। “ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এমন একটি নান্দাইল গড়ব, যেখানে কোনো এমপির দম্ভ থাকবে না—থাকবে শুধু মানুষের অধিকার ও মর্যাদা,” বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে নান্দাইল উপজেলার একাধিক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নান্দাইলের উন্নয়নে তার ১৫ দফা অঙ্গীকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতি ও মাদক নির্মূল, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
উল্লেখ্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নির্বাচন কমিশন থেকে ‘ফুলকপি’ প্রতীক নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিবন্ধন লাভ করে। তবে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবেও পরিচিত।
গণসংযোগকালে তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। ক্ষমতা তখনই গ্রহণ করব, যখন তা মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব হবে।” তিনি একটি আদর্শ উপজেলা হিসেবে নান্দাইলকে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। জনগণের অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি আশাবাদী যে, নান্দাইলের মানুষই আগামীতে পরিবর্তনের সূচনা করবে।


