আকতার হোসেন ভূঁইয়া শরীফ, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) নান্দাইলের খারুয়া ইউনিয়নের টাওয়াইল বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যাপক জিয়াউদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম মাসুম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খারুয়া ইউনিয়ন বিএনপির ফজলুল হক মাস্টার।
আলোচনা সভায় বক্তারা খুররম খান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, খুররম খান চৌধুরী ছিলেন একজন জননন্দিত নেতা এবং তার অবদানের কথা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এবং চারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি ছাড়াও তিনি জাতীয় পার্টির হয়েও নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়ী হয়েছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, তারেক রহমান যুব পরিষদ নান্দাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মোবারক হোসেন উজ্জ্বল, আব্দুর রাশিদ, সোহাগ মিয়া, মোশারফ হোসেনসহ আরও অনেকে।
সভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা সহ মরহুমের একমাত্র পুত্র বিএনপি নেতা নাসের খান চৌধুরীর পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, খুররম খান চৌধুরী ২০২১ সালের ১৭ জুলাই ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন এবং আমৃত্যু ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

