আক্তার হোসেন ভূঁইয়া শরিফ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ-৯ (নান্দাইল) ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বৃহত্তর ময়মনসিংহের বরেণ্য রাজনীতিবিদ খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শনিবার (২রা আগস্ট) জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বীর বেতাগৈর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম বিডিআর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা খুররম খান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও এলাকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, খুররম খান চৌধুরী ছিলেন একজন জননন্দিত নেতা এবং তার মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম মাসুম খান, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি তাহমিনা আক্তার রিপা, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন, সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, বিএনপি নেতা মোবারক হোসেন উজ্জ্বল এবং তারেক রহমান যুব পরিষদ নান্দাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া।
এছাড়াও বেতাগৈর ইউনিয়ন বিএনপির পক্ষে মোঃ জুয়েল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামূল হক এবং বেতাগৈর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম ডি আল আমিন খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মাস্টার।
আলোচনা সভা শেষে মরহুম খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, খুররম খান চৌধুরী ২০২১ সালের ১৭ই জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
![]()

