নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত রিকশাচালক নমুজ আলীর (৪৮) পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ছুটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। শুক্রবার (১১ জুলাই) বিকেলে তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শাহপুর সাতানি গ্রামে নিহত নমুজ আলীর বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার (৮ জুলাই) ভোরে ঋষিপাড়া এলাকায় নমুজ আলীকে বেধড়ক পেটানো হয়।গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক রমজান আলী নিহত নমুজ আলীর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং তার ছোট ছোট ছেলে-মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন এবং কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান।
পরে তিনি ঋষিপাড়া গ্রাম পরিদর্শন করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় তিনি গ্রামের স্কুলে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও মতবিনিময় করেন।
এই পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহমেদ, সেক্রেটারি মাওলানা মোবারক উল্লাহ, দিঘিরপাড় ইউনিয়ন সভাপতি মোঃ মাসুম মিয়া, সেক্রেটারি মোঃ হায়দার আলী, সহ-সভাপতি আক্তার হোসেন এবং যুব বিষয়ক সেক্রেটারি হুসাইন আহমদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।


