নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার মহৎ উদ্দেশ্যে ‘মরহুম সাখাওয়াত হোসেন চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই টুর্নামেন্টে ট্রাইবেকারে জয়লাভ করেছে পালাহার একাদশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার পালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ফাউন্ডেশন একাদশ বনাম পালাহার একাদশ। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকার পর অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ট্রাইবেকার ড্রামাটিক ফিনিশিংয়ে পালাহার একাদশ জয়লাভ করে।
মরহুম সাখাওয়াত হোসেন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওসমান গনির সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুশুল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ফুরকান উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব উমর ফারুক মাস্টার।
এছাড়াও টুর্নামেন্টে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেনজির আহমেদ ভূঁইয়া, সাংবাদিক মুজিবুর রহমান ফয়সাল প্রমুখ।
সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মরহুম সাখাওয়াত হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাজিব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনিছ খান, কোষাধ্যক্ষ মোঃ শিপন মিয়া এবং সংগঠনের সম্মানিত সদস্য আলম, তুহিন, শরিফ, ছন্দন, জাহিদুল ও উজ্জ্বল।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি সম্পৃক্ত রাখা, মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
টানটান উত্তেজনাকর এই খেলা উপভোগ করতে এলাকার ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
![]()

