আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শিগগিরই তার বিয়ের আয়োজন করার প্রস্তুতি চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে রুবেল মিয়া তার এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।
এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তার মাথা ও মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্য ছিলেন রুবেল মিয়া। দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে আসছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রুবেল মিয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে একটি সম্ভাবনাময় তরুণ জীবনের অবসান ঘটল, যা পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

